বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জনগণের প্রত্যাশা পূরণে সব মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমান জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে; তাই প্রত্যেক মন্ত্রণালয়কে জনগণের প্রত্যাশা পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং, যেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। শামা ওবায়েদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই ছিল প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।”

তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনী অঙ্গীকারের বিষয়টিও গুরুত্বসহকারে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র মতে, প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় মন্ত্রণালয়গুলোর কর্মতৎপরতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।