সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন বলেছেন, আল্লাহর অশেষ রহমতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এসেছে। তবে উন্নয়ন করতে গিয়ে জনগণের হক নষ্ট করা যাবে না বলেও তিনি সতর্ক করেছেন।
শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম লক্ষ্মীপুর সফর। এ সময় উত্তর তেমুহনী এলাকায় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে “বিথিকা ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম” স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে তিনি মোটরসাইকেল বহর নিয়ে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছান।
বিথিকা বিনতে হোসাইন বলেন, নিজেরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উন্নতি করতে হবে, তবে জনগণের জন্য বরাদ্দ অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। জনগণের অধিকার ও প্রাপ্য নিশ্চিত করাই মূল দায়িত্ব।
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী এবং লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা।