রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে ডিউটিরত অবস্থায় পানি পান করার কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের পাশের একটি ঘর থেকে নিয়মিত খাবার পানি সংগ্রহ করতেন সদস্যরা। অসুস্থ হওয়ার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পানির রং সাদা এবং এতে উৎকট গন্ধ পাওয়া গেছে।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো মহল পানিতে কিছু মিশিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।