বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ এবং ছায়ানট–এর প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন–এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করা সন্‌জীদা খাতুন ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন–এর কন্যা। শিক্ষাজীবনে তিনি কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়–এ অধ্যয়ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘদিন শিক্ষকতা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।

সন্‌জীদা খাতুন দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে বাংলা সংস্কৃতি, বিশেষ করে রবীন্দ্রসংগীত চর্চা নতুন মাত্রা পায়।

শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় সহযোদ্ধাদের কাছে তিনি ‘মিনু আপা’ নামে পরিচিত ছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি আয়োজন করেছে।