বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা
খাগড়াছড়িতে রাজনৈতিক অঙ্গণে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের ছাত্রদলে যোগদান।

অর্ধশতাধিক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বের মধ্যেও যে ইতিবাচক পরিবর্তন আসছে, রুবেলদের যোগদান তারই প্রমাণ। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. রুবেল বলেন, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু প্রশ্ন তার মনকে নাড়া দিলে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। এরপর ছাত্রদলে যোগ দেওয়ায় নানা হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে।

২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হওয়া রুবেল একে একে রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিজের অতীত প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা জীবন ভুল পথে ব্যয় করেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ভুল সিদ্ধান্ত নিয়েছি। শৈশব-যৌবনের মূল্যবান সময় এবং অনেক মামলা ঝামেলা দিয়েছি। এখন সঠিক পথে নতুনভাবে শুরু করতে চাই।