বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছয় রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া বিল পরিশোধের প্রস্তাব প্রত্যাহার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বেসরকারিখাতে স্থাপিত ৫৫৭ মেগাওয়াট ক্ষমতার ছয়টি ফার্নেস অয়েলভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৭১৭ কোটি টাকার বকেয়া বিল পরিশোধের প্রস্তাব শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উত্থাপনের কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালিত ছয়টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনকালীন বকেয়া বিল বাবদ মোট ৭১৬ কোটি ৮০ লাখ টাকার ভূতাপেক্ষ অনুমোদন চাওয়া হচ্ছিল।

এই বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মদনগঞ্জ, মেঘনাঘাট, সিদ্দিরগঞ্জ, নোয়াপাড়া, খুলনা ও জুলদা এলাকার কেন্দ্রগুলো। পরে বিদ্যুৎ বিভাগের অনুরোধে প্রস্তাবটি বৈঠকের আলোচ্যসূচি থেকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র বলছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে এই বিল জমা হয়। সরকারি তহবিল থেকে অর্থ পরিশোধের পরিকল্পনা ছিল। বর্তমানে কেন্দ্রগুলো উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

এদিকে বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন সরবরাহকারী ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ফ্যাক্টরি ইন্সপেকশন সংক্রান্ত নতুন শর্ত অন্তর্ভুক্তির একটি প্রস্তাবও উত্থাপন করা হয়।

তবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিষয়টি আরও পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, নতুন দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সুযোগ দিলে প্রতিযোগিতা বাড়বে, সিন্ডিকেশন কমবে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহ সহজ হবে।