বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছবি নিয়ে নিউজ করায় ক্ষেপলেন রুনা খান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪

‘ফেসবুকে ঈদের দিনে ছবি দিয়েছি, সেটাও নিউজ। জন্মদিনের ছবি প্রকাশ করেছি, সেটাও প্রতিটা সংবাদের মাঝে আমার ওজন কমানোর গল্প। আমি কিন্তু বাংলাদেশের একটি পত্রিকা বা চ্যানেলের সঙ্গেও কথা বলি না, আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন; চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন। অভিনেতার প্রয়োজন নয়।’- সম্প্রতি ঢাকা ফ্যাশন শো’তে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন অভিনেত্রী রুনা খান।

রুনা বলেন, ‘গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি। তারা ফোন দিয়েই বলেছে, ‘আপু আপনার সঙ্গে কথা বলতেই চাই।’ আমি যখনই জানতে চেয়েছি কি বিষয়ে, তারা বলেছেন এমনি। কিংবা লাইফস্টাইল, ওজন কমানো সম্পর্কে। আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি। আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক কাজের জন্য। ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয়।’
রুনা মনে করেন, বর্তমানে তিনি পরবর্তী প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন। তাদের সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাচ্ছেন। এসব নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত। তার ছবি, ফটোশুট কিংবা ওজন কমানো প্রসঙ্গে নয়।