বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। তবে বিএনপি জনগণের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাদের বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সিদ্ধান্ত ও কর্মসূচি জনগণের মধ্যে আশার পরিবর্তে হতাশার সৃষ্টি করেছে।
শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, দেশবাসীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজের কল্যাণে নিজেদের নিবেদিত রাখতে হবে। দায়িত্বশীলতা, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও জানান, চৌদ্দগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, সড়ক সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। এতে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।