বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা স্কুলমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ব্রিজসংলগ্ন স্কুলমোড়ে পৃথক দুটি স্থানে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দীর্ঘ তোরণ নির্মাণ করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রশাসনের নজরে আসে।

এ সময় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদ মালিতার ছেলে বিএনপি কর্মী তানশিল ছোটনকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের প্রয়াত জবেদ আলীর ছেলে জামায়াত কর্মী সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দীর্ঘ তোরণ নির্মাণের অপরাধে দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”