চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সরোজগঞ্জ বাজার এলাকায় একটি পাখিভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে বুলবুলী (৩৫) নামে এক নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানোর প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় জানান, হাসপাতালে ভর্তি সবাইকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।