বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চীন এবার যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে: ট্রাম্প

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। দীর্ঘদিনের শুল্ক ও বাণিজ্য উত্তেজনার পর এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

ট্রাম্প আরও জানান, বৈঠকে তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ও উত্থাপন করেছেন। বিশেষ করে ভিসা ও অন্যান্য মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ চেয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, চীনের মার্কিন তেল কেনার সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন মূলত ইরান ও অন্যান্য দেশ থেকে তেল আমদানির দিকে ঝুঁকেছিল।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর চীন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এর পরিবর্তে তারা ব্রাজিলসহ বিকল্প বাজারের ওপর নির্ভরশীল হয়ে ওঠে।

তবে সাম্প্রতিক এই বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।