সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চীনে ভয়াবহ ভূমিধস! নিহত ৮, নিখোঁজ অন্তত ৩৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এই ভূমিধসের ঘটনা ঘটে। পেংশুই জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বর্তমানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।

ভূমিধসটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়কে আঘাত হানে। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল মাটি ও পাথরের স্তূপে সড়কের বড় অংশ চাপা পড়ে গেছে।

ঘটনার পর পুরো এলাকা ধুলার ঘন মেঘে ঢেকে যায়। আতঙ্কিত মানুষকে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে দেখা যায়, যার ভিডিওও প্রকাশ করেছে সিসিটিভি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানটিতে ভূমিধস হয়েছে সেটি আগে থেকেই খাড়া ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। এখনও পাহাড়ের ঢাল থেকে আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

উদ্ধার অভিযান, ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫ কোটি ইউয়ান (প্রায় ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগেই চীনের উত্তরপশ্চিমাঞ্চলে আরেকটি ভয়াবহ ভূমিধসে ২১ জন নিহত এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।