বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চার অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, কুমিল্লা অঞ্চল এবং সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা যায়।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।