মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী Tarique Rahman-এর আগমনের।
আজ বুধবার (১৭ জুন) দুপুর ১টায় চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মাঝে সহায়তার চেক প্রদান করবেন। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি ইতোমধ্যে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন। রঙিন পোশাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা মাঠে অবস্থান করছেন। উপকারভোগীরাও অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর আগমনের জন্য।
শাহান আলী মুসা নামের এক ব্যক্তি বলেন, সকাল ৯টায় তিনি মাঠে এসেছেন শুধু প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। তার ভাষায়, ‘চায়ের দেশে প্রধানমন্ত্রী এসেছেন, তাই হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শ্রীমঙ্গল শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।