চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এ প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত চলতি বছরের শুরু থেকে মোট ৫১৯ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত হাসপাতালে ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১ জন রোগীকে রাজশাহী তে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৫ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে—বিশেষ করে শিশুদের মধ্যে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্স সংকট থাকা সত্ত্বেও বিকল্প উপায়ে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। পাশাপাশি হাসপাতালটিতে হামের টিকাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর, চোখ লাল হওয়া বা র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব।