চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪৬ নং চক আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।
কেন্দ্রের প্রিসাইডিং মো. আমিরুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার ১ হাজার ৩৯২ জন। ভোট শুরুর ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ৪৭৮ ভোট পড়েছে। কেন্দ্রের বাইরে তখনও শত শত ভোটারকে লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
এই কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের দেখা গেছে। তবে অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক মার্কার ১ জন এবং তারা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ চলছে। কোনো আশঙ্কা নেই। আশা করি, ভালোভাবে ফলাফল প্রকাশ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব শেষ করতে পারবো।