বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রীনহাউস সংলগ্ন একটি কুটির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার সদ্য প্রস্তুত মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত ওই ব্যক্তির নাম সুমন চাকমা। তিনি প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মদও তৈরি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ কিনতো বলে জানা গেছে।

জানা গেছে, সুমন চাকমা মদ ব্যবসার পাশাপাশি দেশীয় অস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ নানা বন্যপ্রাণী শিকার করে এসবের মাংস বিক্রি করতেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, জীববিজ্ঞান অনুষদ এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘন ঘন আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা সন্দেহের চোখে দেখে। পরে গতকাল সোমবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন ভাইসহ ৭-৮ সদস্যের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার মদ, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত একাধিক বোতল ও একটি নোটবুকও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।