কর্ণফুলী নদীতে একটি বড় ধরনের শিল্প ও নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ এর তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে কর্ণফুলী চ্যানেলের ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে বার্থিংয়ের সময় জাহাজটিতে হঠাৎ মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজটিতে তখন ৫১৫ টন প্রোপেন এবং ৪,৫৭০ টন বিউটেন সমন্বিত এলপিজি বহন করা হচ্ছিল।
যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে এগোতে থাকে, যা বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষতির আশঙ্কা সৃষ্টি করে।
সংকটময় মুহূর্তে ক্যাপ্টেন আসিফ আহমেদ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দ্রুত নোঙর ফেলেন এবং টাগবোট ব্যবহার করে জাহাজের নিয়ন্ত্রণ ফিরে পান। তাঁর দক্ষতার ফলে জাহাজটি কাফকো জেটির কাঠামো থেকে মাত্র ১.২ মিটার দূরত্বে থামানো সম্ভব হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বলেন, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিটিএমএসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠে প্রয়োজনীয় সমন্বয় করেন। দ্রুত উদ্যোগ এবং দলগত প্রচেষ্টার ফলে বড় দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর ক্যাপ্টেন আসিফ আহমেদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাকে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।