বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে মোটরসাইকেল সংঘর্ষে কাতারপ্রবাসী নিহত, পরিবারে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে থানা এলাকা সংলগ্ন নতুন ফিশারিঘাট ব্রিজ-এ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল চালিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ১৮ বছর কাতারে প্রবাস জীবন কাটিয়ে দেশে ছুটিতে এসেছিলেন। পরিবারে তিনি তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোলায়মানের স্ত্রী ডলি আক্তার। তাদের সংসারে দুই ছেলে রয়েছে—বড় ছেলে সপ্তম শ্রেণিতে (১২) এবং ছোট ছেলে দ্বিতীয় শ্রেণিতে (৬) পড়ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জাহেদ হোসেন বলেন, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এবং হঠাৎ দুটি মোটরসাইকেলের সংঘর্ষ দেখে গুরুতর আহত সোলায়মানকে দেখতে পান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে এবং পরিবারের সদস্যরা নেমে গেছে শোকাবহ পরিস্থিতিতে।