বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রস্তুতি চট্টগ্রামে শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রে সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন। রাতে বুথ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হবে। জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনের জন্য ধাপে ধাপে সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন জানান, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে, এবং নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে বাড়তি সতর্কতা আছে।

চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। এর মধ্যে ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ, ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৯ জন। সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও সিটি করপোরেশন ৩–৭ নম্বর ওয়ার্ড) আসনে, যেখানে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।

নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কাজ করছে।