ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামে অবস্থিত বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি রাইসের কর্ম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের স্থানটি হলো চট্টগ্রাম ওয়ার সিমেট্রি, যা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন (CWGC) দ্বারা পরিচালিত। চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্সের কাছে, দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে এই স্মৃতিসৌধটি অবস্থিত।
কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর রাজকীয় ব্রিটিশ ফোর্সের প্রায় ১৭ লাখ নিহত সদস্যের স্মৃতি রক্ষার জন্য গড়ে উঠেছে। কমিশন ১৫০টি দেশে প্রায় ২৩ হাজার সমাধি ও স্মৃতিসৌধের ব্যবস্থাপনা করে এবং নিহত প্রতিটি সদস্যের তথ্য সংরক্ষণ করে, যা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়।