বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারির যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালীর কবিরহাট উপজেলার মো. দেলোয়ার (৪০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার রাজা মিয়া (৪০)।

আদালত সূত্র জানায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি খোলা ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনায় তৎকালীন এসআই জমির উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।