বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“চট্টগ্রামে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার, ধর্ষণ-হত্যার আশঙ্কা”

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর ১১ বছরের কিশোরী আরেফিন আক্তারের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার আমান বাজারের ইসহাক কলোনি এলাকার একটি তুলার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, আরেফিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ফ্যাক্টরির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে তারা ভেতরে গিয়ে কিশোরীর বিকৃত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে মনে হচ্ছে কিশোরীকে হত্যা করে ফ্যাক্টরির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ ঘটনা তদন্ত করছে এবং মূল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।