চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে পৃথক দুটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুছ (ওরফে কুদুরুস)কে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৫ মার্চ) উপজেলার পাহাড়তলী এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুছ রাজানগর ওস্তাপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মৃত মো. হোসেন ওরফে বাঁচা মিয়া।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ১৯৯৯ সালে দায়ের হওয়া রাঙ্গুনিয়া থানা–এর একটি হত্যা মামলা এবং ২০১৩ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী–এর একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুছ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা–এর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।