চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য হিসেবে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এসব গ্রুপের মধ্যে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’ নামের গ্রুপ রয়েছে। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিয়াজ উদ্দিন চৌধুরী অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি (২০০৯–২০১২) এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি (২০১২–২০১৪) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা বা পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মামলার তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।