বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় ৮ বছরের মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজে ও ৮ বছরের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটি নিহত হয়েছেন। তার মা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির নাম রাইছা (৮)। সে বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের কন্যা। রাইছা দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট এবং চট্টগ্রাম সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা জান্নাতুল ফেরদৌস (৩২) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, এক ভ্যানচালকের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, দুজনকে পৌনে ১টার দিকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ জানান, নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে, এবং পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।