বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য যেকোনো উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধে মাঠে সক্রিয়ভাবে কাজ করছে সংস্থাটি। চট্টগ্রাম ইউনিটের আওতাধীন চার জেলায় নির্বাচনী এলাকাগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চার জেলার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে মোট ৫০টি টহল দল। পাশাপাশি দায়িত্ব পালন করছে একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। এই বিশেষ টহল কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নগরী ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা ও একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম মহিলা কলেজ ভোটকেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি সাধারণ জনগণকে ভীতিমুক্ত ও জড়তামুক্ত হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সঠিক নেতৃত্ব নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

র‍্যাবের অধিনায়ক আরও জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখা হয়েছে।