বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী কালা বাবুল আটক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড়হাতিয়া নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—কালা বাবুল নিজ বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রেখে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেপ্তার কালা বাবুলের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনালা বন্দুক, ১২ বোর শটগানের দুটি লিডবল কার্তুজ এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলেই জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাবুল হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইউনুস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।