বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের বারকোড সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা দেড় লাখ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

চট্টগ্রামের মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে ফ্রিজে তেলাপোকা, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণের মতো অনিয়ম ধরা পড়েছে। এসবের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারির কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। স্যাঁতস্যাঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতর তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, বিড়ালের অবাধ চলাফেরা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো অনিয়ম ধরা পড়ে।

এছাড়া ঘি পণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অন্যদিকে, পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যপণ্যে অসম্পূর্ণ লেবেলিংয়ের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়ের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানকে নানান অনিয়মের দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।