চট্টগ্রাম মহানগর-এর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) পরিচালিত অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ট্রলার থেকে আনুমানিক ৫ লাখ পিস ইয়াবা জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে ঘটনাস্থল থেকে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম, মো. ইসমাইল, শাহ আলম, আজম উল্লাহ, মো. ফারুক ও ছানাউল্লাহ।
র্যাব জানায়, কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ফিশিং ট্রলারের মাধ্যমে ইয়াবার বড় চালান চট্টগ্রামে আনা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে কিছু আসামি পালানোর চেষ্টা করলেও ৯ জনকে আটক করা সম্ভব হয়।
তল্লাশিতে ট্রলারের ইঞ্জিন রুমের পাশে রাখা তিনটি বস্তার ভেতর থেকে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।