বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন–এর মেয়র এবং সদস্য সচিব থাকবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা।

এছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক এবং সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞও কমিটিতে রয়েছেন।

গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা তলিয়ে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগরের বিভিন্ন খাল ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন। পরে তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে।