বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে ঘুসের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক।

বুধবার (১৪ জানুয়ারি) দুদকের একটি ফাঁদ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, সাবেক অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী আ. ন. ম. মুদ্দাছেরুল হক মাসুদ তার দীর্ঘদিনের বকেয়া ভাতা ও পেনশন সংক্রান্ত সরকারি পাওনা আদায়ের জন্য শাহ আলমের বিরুদ্ধে হয়রানি ও ঘুস দাবির লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুদক কমিশনের অনুমোদন নিয়ে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুস গ্রহণের সময় শাহ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘুসের টাকা উদ্ধার করা হয়।

দুদক জানিয়েছে, শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।