রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠির বিখ্যাত ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে গিয়ে খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সানি হাওলাদার (১৩) নামে এক কিশোরের মরদেহ প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী বাজার-সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানি হাওলাদার রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজাপুর উপজেলা থেকে প্রায় ১৫ জনের একটি দল ট্রলারে করে ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সবাই খালে গোসল করতে নামে।

এ সময় সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি। সঙ্গে থাকা লোকজন প্রথমে নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশির পর সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল সানিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।