বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। দীর্ঘ পাঁচ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে অধরা ‘গ্র্যামি’ ধরা দিল তার হাতে। এর মধ্য দিয়ে বিনোদন জগতের বিরল ‘ইগট’ ক্লাবে নাম লেখালেন এই কিংবদন্তি নির্মাতা।

ইতোমধ্যেই এমি, অস্কার এবং টনি অ্যাওয়ার্ড জয় করেছিলেন স্পিলবার্গ। বাকি ছিল কেবল গ্র্যামি। এ বছর তার পরিচালিত তথ্যচিত্র ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ সেরা সংগীত বিভাগে গ্র্যামি জয় করায় সেই বৃত্ত সম্পূর্ণ হলো।

অড্রে হেপবার্ন, মেল ব্রুকস, এলটন জন এবং অ্যান্ড্রু লয়েড ওয়েবারের মতো বিশ্ববরেণ্য তারকারা এই ‘ইগট’ তালিকার সদস্য। এবার সেই তালিকায় সগৌরবে নিজের জায়গা করে নিলেন স্পিলবার্গ।

স্পিলবার্গের এই অভাবনীয় সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও প্রখ্যাত সংগীত পরিচালক জন উইলিয়ামস। হলিউডের ইতিহাসে এই জুটি অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত। স্পিলবার্গের ক্যারিয়ারের শুরু থেকেই জন উইলিয়ামস তার ছায়াসঙ্গী হয়ে কাজ করছেন।

‘জস’ এবং ‘শিন্ডলার’স লিস্ট’-এর মতো কালজয়ী চলচ্চিত্রগুলোতে তাদের অনবদ্য রসায়ন দেখছে বিশ্ব। এবার সেই জন উইলিয়ামসকে নিয়ে তৈরি তথ্যচিত্রই স্পিলবার্গকে এনে দিল আরাধ্য গ্র্যামি।

প্রথম গ্র্যামি জয়ের অনুভূতি জানিয়ে আপ্লুত স্পিলবার্গ বলেন, ‘এই পুরস্কারটি আমার কাছে পুরো পৃথিবীকে এনে দিল। এই স্বীকৃতি আমার কাছে গভীরভাবে অর্থবহ। এটি আসলে বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে আমার করা কাজেরই এক বড় স্বীকৃতি।’