চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্রেপ্তার এড়াতে গিয়ে এক ছিনতাইকারী কাদাময় ডোবায় ঝাঁপ দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা আটকা থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। ঘটনাটি শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার–সংলগ্ন এলাকায় ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত আটটি মামলা রয়েছে। একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে দুপুর ১২টার দিকে হালিশহর থানা পুলিশ অভিযান চালায়।
অভিযান টের পেয়ে রুবেল প্রথমে একটি দোকান থেকে দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান। পরে সেখান থেকে নেমে পালানোর সময় হঠাৎ পাশের একটি ডোবায় লাফ দেন। কিন্তু ডোবাটির কাদায় কোমর পর্যন্ত আটকে গিয়ে আর বের হতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে তাকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তিনি তাতে সাড়া দেননি। বরং কাদার মধ্যেই এদিক-সেদিক নড়াচড়া করতে থাকেন। এ সময় ঘটনাটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
একপর্যায়ে অভিযুক্তের স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। রামদা হাতে নিয়ে রুবেল পুলিশকে ভয়ভীতি দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকি দেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে অভিযুক্তের হাতে ধারালো অস্ত্র থাকায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা চালানো হয়।
প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে রুবেলকে ডোবা থেকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গেলে অভিযুক্ত পালিয়ে গিয়ে ডোবায় পড়ে যান এবং আত্মহত্যার হুমকি দেন। পরবর্তীতে পরিবারের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করে আইনের আওতায় আনা হয়েছে।