বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গ্রাহকসেবা উন্নয়ন ও বিদ্যুৎ চুরি দমনে কঠোর নির্দেশনা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬

গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশনা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। একই সঙ্গে ট্রান্সফরমার পোড়ার হার কমানো, সিস্টেম লস নিয়ন্ত্রণ এবং বকেয়া বিল আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত সমিতির ১০৮তম মাসিক স্টাফ সভায় এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বুধবার এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার হার কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সিস্টেম লস হ্রাসে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বকেয়া বিল আদায় কার্যক্রম আরও গতিশীল করা এবং ডে ও নাইট অপারেশন জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

গ্রাহকসেবা উন্নয়নের অংশ হিসেবে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে মিটার রিডিং সংগ্রহ এবং নির্ভুল বিল বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রিপেইড মিটার ব্যবহারকারীদের নেগেটিভ ব্যালেন্স সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় কর্মক্ষেত্রে নিরাপত্তা ও জবাবদিহিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। নিয়মিত নিরাপত্তা সভা আয়োজন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় টুলস ও সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রমে সততা ও জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী করা, ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং যানবাহন, কম্পিউটারসহ অফিসের বিভিন্ন সরঞ্জামের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার গোলাম কাউসার তালুকদার বলেন, গ্রাহকসেবার মান উন্নয়নে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের দ্রুত, নির্ভুল, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সেবার মানোন্নয়ন, অপচয় রোধ এবং জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।