রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মধ্যে। দুই তারকাই নিজ নিজ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গোলসংখ্যা সমান করে আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছেন।

টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ ক্যারিয়ারে কিলিয়ান এমবাপের গোল ছিল ১৬টি, আর লিওনেল মেসির ১৩টি। চলমান আসরে দুজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন।

শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে প্রথম গোলটি করেন মেসি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৭-এ এবং কিছু সময়ের জন্য গোল্ডেন বুটের দৌড়ে তিনি এমবাপেকে ছাড়িয়ে যান।

তবে রাতেই প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপে। পেনাল্টি থেকে করা সেই গোলের মাধ্যমে তিনিও ৭ গোল পূর্ণ করে আবারও মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের শীর্ষে উঠে আসেন।

আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে গোল করতে পারলে আবারও এমবাপেকে পেছনে ফেলার সুযোগ পাবেন মেসি।

এদিকে সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকায়ও এগিয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক। কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে গোলের পর এমবাপের বিশ্বকাপ গোলসংখ্যা হয়েছে ১৯।

চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে মেসি ও এমবাপের পর রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের দুজনেরই গোলসংখ্যা ৫।