বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোপন সফরের তথ্য ফাঁস, ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬

যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু–এর গোপন আমিরাত সফরের তথ্য প্রকাশ্যে আসায় তীব্র অসন্তোষ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ ঘটনায় ইসরায়েল সরকারের কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, নেতানিয়াহুর কার্যালয় থেকেই সফরের তথ্য ফাঁস হয়েছে বলে মনে করছে আমিরাত। বিষয়টিকে তারা কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের শামিল হিসেবে দেখছে।

আই২৪ নিউজকে দেওয়া এক সূত্রের ভাষ্য অনুযায়ী, আমিরাতের কর্মকর্তারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, নেতানিয়াহুর দপ্তর থেকে গোপন কূটনৈতিক তথ্য ফাঁসের ঘটনা নতুন নয়; বরং এটি দীর্ঘদিনের একটি প্রবণতার অংশ। ফলে নেতানিয়াহুর সফরের তথ্য প্রকাশকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না আবুধাবি।

সূত্রটি আরও জানায়, গোপন কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমিরাত কখনোই আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানায়নি। যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক যোগাযোগ ও বৈঠক হয়েছে।

২০২০ সালে আব্রাহাম চুক্তি–এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। এরপর থেকে অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা বাড়লেও নেতানিয়াহুর আনুষ্ঠানিক সফর নিয়ে বরাবরই সতর্ক অবস্থানে ছিল আমিরাত।

এর আগে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু গোপনে আমিরাতের আল-আইন শহর সফর করেন। সে সময় মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

প্রতিবেদন অনুযায়ী, ওই সফরের সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের আমিরাত সফরের তথ্যও সামনে এসেছে।