ভারতের গুজরাটের আহমেদাবাদে এক বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন যাত্রী— Vishwash Kumar Ramesh। দুর্ঘটনায় তিনি তার ভাইকে হারালেও প্রাণে বেঁচে ফিরে আসেন।
ওই দুর্ঘটনায় Boeing 787 Dreamliner বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩২ সেকেন্ডের মধ্যে একটি ছাত্র হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং ভূমিতে থাকা আরও ১৯ জনসহ মোট ২৬০ জন প্রাণ হারান।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বাস কুমার ধ্বংসস্তূপ থেকে হেঁটে বেরিয়ে আসছেন—যা বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছিল।
তবে বেঁচে থাকার এক বছর পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে বিশ্বাস কুমার বলেন, “মানুষ শুধু দেখে আমি বেঁচে গেছি, কিন্তু এরপর আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা কেউ দেখে না। আমি এখনো জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন। রাতে ঘুম হয় না, সবসময় আতঙ্ক কাজ করে এবং শারীরিক ও আর্থিকভাবে কঠিন সময় পার করছেন তিনি।
বিশ্বাস কুমার ও তার ভাই দুজনই যুক্তরাজ্যের লেস্টারে বসবাস করতেন এবং পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। ফেরার সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা, যেখানে তার ভাইও প্রাণ হারান।
এক বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তার জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।