বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্কর্মকর্তার নাম মো. হাবিব। তিনি পুলিশের ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪নং লাইন ধরে দক্ষিণ দিকে হাঁটছিলেন এসআই হাবিব। এ সময় উত্তর দিক থেকে ঢাকাগামী রাজশাহী কমিউটার চলন্ত ট্রেনের নিচে পড়ে যান তিনি। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, পুলিশ কর্মকর্তা হাবিব ট্রেনে কাটা পড়ার সাথে সাথে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।