ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর রাফা ও এর আশপাশের বিভিন্ন জেলায় ইসরায়েলের ভয়াবহ হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। শনিবার উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
গাজার কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি আল-শাতি। এই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আল-তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান গাজা শহরে হামাসের দুটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
তবে নিজেদের সামরিক অবকাঠামোতে হামলা করার ইসরায়েলি দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, উপত্যকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের নাৎসি নেতাদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কয়েক ডজন ফিলিস্তিনি।