বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত কয়েকজন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গাইবান্ধার সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধা-দাড়িয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের ফরিদ মিয়া (৪০), যিনি অটোরিকশাটি চালাচ্ছিলেন এবং সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের রুস্তম আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। দক্ষিণ বারুইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোচালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোচালক ফরিদ মিয়া। আহতদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।