গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) জাপানের নাগোয়া শহরের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশ কমিউনিটির আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন “অবশ্যই হবে” এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি দাবি করেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গণভোটে ইতিবাচক রায় দিয়েছে, তাই তা বাস্তবায়ন না করা জনগণের রায়কে অগ্রাহ্য করার শামিল হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদ এবং রাজপথ—উভয় জায়গাতেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে আন্দোলন ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে দেশের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ বজায় রাখার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করার আশ্বাস দেন এবং সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা বলেন।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও কয়েকজন রাজনৈতিক ও সাংগঠনিক নেতা বক্তব্য দেন।