বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণভোটকে শপথে কার্যকর না করলে ‘আমও যাবে, ছালাও যাবে’—সংসদে এমপি মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬


গণভোটের ফলাফলকে শপথের মাধ্যমে সাংবিধানিকভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গণভোট নিয়ে আইনি জটিলতা তৈরি হলে সংসদ সদস্য পদ নিয়েও ঝুঁকি তৈরি হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, একই প্রক্রিয়ায় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সংসদ সদস্যরা শুধু নির্বাচনী শপথ নিচ্ছেন, গণভোটের বিষয়ে কোনো শপথ নেই। এতে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, গণভোট বাতিল বা প্রশ্নবিদ্ধ হলে সংসদ সদস্যদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে—“শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে” এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই গণভোটকে শপথের আওতায় এনে বাধ্যতামূলকভাবে কার্যকর করার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে শপথ গ্রহণ জরুরি, নাহলে রাজনৈতিক সংকট থেকে বের হওয়া কঠিন হবে।

বক্তব্যের অন্যান্য অংশে তিনি বাংলাদেশে ইসলামি আইন বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী নীতিমালা থাকা উচিত।

তিনি শিক্ষকদের জাতীয়করণ, স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আলেমদের ছবি বিকৃত করে কনটেন্ট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।