জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এর নেতৃত্বে তারা অধিবেশন ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। তাই প্রতিবাদস্বরূপ তারা সংসদ থেকে বের হয়ে যাচ্ছেন। এরপর তিনি জোটের সংসদ সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন।
বিরোধী দলের ওয়াকআউটের পর ডেপুটি স্পিকারের অনুমতিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপে—ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং ও থার্ড রিডিংয়ে—বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন, এমনকি কেউ কেউ সমর্থনও দিয়েছেন। এ অবস্থায় ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রী আরও আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর বিরোধী দলের সদস্যরা আবার অধিবেশনে ফিরে আসবেন।