রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

খেলতে খেলতে যেন শিশুরা শেখে, স্কুলকে আনন্দের জায়গা করার আহ্বান সারওয়ার আলমের

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

 

 

শিশুদের জন্য বিদ্যালয়কে আনন্দময় ও বিনোদনমূলক পরিবেশে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, স্কুল যেন কোনো শিশুর কাছে বোঝার জায়গা না হয়ে ওঠে; বরং খেলাধুলার মধ্য দিয়ে তারা যেন আনন্দের সঙ্গে পড়াশোনা শিখতে পারে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারওয়ার আলম বলেন, প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা যেতে পারে। এসব বিদ্যালয়ে ভিন্ন রঙের সাজসজ্জা, দোলনা, খেলাধুলার সামগ্রীসহ শিশুদের উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন, যাতে তারা সকালে আনন্দ নিয়ে স্কুলে যেতে আগ্রহী হয়।

তিনি বলেন, “বাচ্চারা খেলতে খেলতে যেন পড়ালেখা শিখে”—এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা দরকার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক শিশু পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পাচ্ছে না। তাদের শরীর থেকে ঘাম ঝরার সুযোগ কমে গেছে, অথচ সারাক্ষণ বইয়ের বোঝা বহন করতে হচ্ছে। এ কারণে স্কুলের মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও টিআর বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের মাঠগুলো উন্নত করা যেতে পারে, যাতে শিশুরা নিয়মিত খেলাধুলা করতে পারে।

শিক্ষার মান নিয়ে সারওয়ার আলম বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে দক্ষ ও মানবিক মানুষ তৈরি করা সম্ভব নয়। শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। সরকারের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করতে পারে।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সৈয়দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৫টি কিন্ডারগার্টেনের ১ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২০৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।