বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের স্থগিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

খুলনায় দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের স্থগিত
খুলনায় তৃতীয় দিনের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই দুটি আসনে জাতীয় পার্টিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং এক প্রার্থীর স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এ ছাড়া, খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।

খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, খুলনা-৫ ও ৬ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে খুলনা-৫ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়ে। আজ যাচাই-বাছাই শেষে চারজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। আর জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) সার্টিফিকেটের কাগজপত্র না দেওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এ ছাড়া, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

খুলনা-৬ আসনে ছয় প্রার্থীর মধ্যে চারজন বৈধ, দুইজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরমধ্যে ঋণ খেলাপীর জন্য জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং ১ শতাংশ ভোটারের তথ্যে সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর খুলনা-৩ আসন এবং ১ জানুয়ারি খুলনা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছিল। সেখানে দুই আসনেই তিনজন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।