খুলনার ডুমুরিয়া উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শামছুজ্জামান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুল ইসলাম (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে। আহত মনিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।