বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় জমজ শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

খুলনার তেরখাদায় আলোচিত জমজ শিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল–এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের কনার বিয়ে হয়। পরে ২০২১ সালের ৭ ডিসেম্বর সিজারের মাধ্যমে তার জমজ কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর কনা বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি কনা তার ছোট বোনকে ফোন করে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ভোরে বাড়ির পুকুর থেকে জমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় স্ত্রী কনাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

ঘটনাটি সে সময় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। শিশু দুটির মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।