বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুব দ্রুত পুলিশে ২,৭০১ কনস্টেবল নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব দ্রুত পুলিশে ২,৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য হল জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।”

তিনি আরও জানিয়েছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে, তাদের তা বাতিল করা হবে এবং এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও অবৈধ গণ্য হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, “আমার জানা মতে, দশ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এগুলো এখন অবৈধ এবং এগুলো নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”